কুমিল্লার লালমাই উপজেলায় সৎ মায়ের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার ১২ বছর বয়সী ছামিয়া আক্তারের মায়ের কবরের পাশে কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে অভিযুক্ত সৎ মা আয়েশা আক্তারকে সতর্কতামূলক মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টায় শিশুটি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় সৎ মা ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ না করার প্রতিশ্রুতি দেন।
শিশুটি প্রায় চার বছর ধরে সৎ মায়ের নির্যাতনের শিকার হয়েছে। সম্প্রতি টানা দুই দিন ঘরের ভেতরে বেঁধে রাখার ঘটনাও ঘটে। বাবার অনুপস্থিতিতে এ পরিস্থিতি চলছিল বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বলেন, ‘শিশুটির সৎ মা এক মাসের সতর্কতামূলক সময় পেয়েছেন। পুনরায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ স্থানীয় প্রশাসন ও জনগণ শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি জোরদার করেছে।