রমজানে অফিস–ব্যাংকের নতুন সময়সূচি কার্যকর

আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সাহ্‌রি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে রমজান মাসে দেশের সরকারি অফিস ও ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস চলবে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজ নিজ আইন বা বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং এর আওতাধীন সব আদালতের অফিস সময়সূচি বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।

এদিকে বাংলাদেশ ব্যাংক পৃথক প্রজ্ঞাপনে জানিয়েছে, রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন চলবে বেলা আড়াইটা পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে ব্যাংকের লেনদেন চালু রাখা যাবে।

রমজান মাস শেষ হলে অফিস ও ব্যাংকের সময়সূচি আগের নিয়মে ফিরে যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *