নতুন মন্ত্রিসভা গঠনের পর প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন। তাঁদের মধ্যে হুমায়ুন কবিরও রয়েছেন।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে এ তথ্য জানানো হয়েছে। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও হুমায়ুন কবিরের বক্তব্য পাওয়া যায়নি।
দলীয় সূত্রে জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের হাবশপুর গ্রাম তাঁর বাড়ি। শৈশবে যুক্তরাজ্যে প্রবাসী হন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট দেশে ফিরে সক্রিয় রাজনীতিতে অংশ নেন। একই বছরের ২২ অক্টোবর তিনি বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে দায়িত্ব পান।
সরকার পতনের পর তিনি সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে দলীয় মনোনয়ন পান ‘গুমের শিকার’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। নির্বাচনে তিনি বিজয়ী হন।
শিক্ষাজীবনে হুমায়ুন কবির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পেশাগত জীবনে লন্ডনে মেয়রের দপ্তরসহ ব্রিটিশ সরকারের উচ্চপর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি।
সিলেট বিএনপির নেতারা জানান, লন্ডনে অবস্থানকালে দলের আন্তর্জাতিক কর্মকৌশল নির্ধারণ ও কূটনৈতিক যোগাযোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এসব বিবেচনায় তাঁকে উপদেষ্টা হিসেবে মূল্যায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।