তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ-ভারত সম্পর্ক শক্তিশালী হবে : নজরুল ইসলাম খান

নির্বাচনি ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ের আভাস পাওয়ার পর দলের স্থায়ী কমিটির সদস্য এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে আগামীতে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপি, এবং আমরা মনে করি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের দলটির ওপর অর্পণ করা হবে।”

নজরুল ইসলাম খান আরও জানান, নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা না করলেও প্রাথমিকভাবে জানা গেছে, বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়ী হয়েছে। একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয় হওয়ার প্রাথমিক ফলাফলের তথ্য রয়েছে।

তিনি বলেন, “এবারের নির্বাচনে বড় ধরনের সংঘাত বা প্রাণহানি হয়নি। এটি একটি ইতিবাচক দিক। তবে দীর্ঘদিন ভোট না দেওয়ার কারণে নেতিবাচক নির্বাচনী সংস্কৃতি গড়ে উঠেছিল। আমাদের প্রার্থীদের জয়লাভের আশা ছিল, এবং আগামী নির্বাচনে আরও ভালো ফলাফল আসবে।”

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, “তাদের মনে কষ্ট থাকতে পারে, তারা অভিযোগ করতে পারে, তবে আমাদের বিরুদ্ধে তারা কোনো অভিযোগ করেনি। আগামী নির্বাচনে আমরা আরও ভালো ফলাফল আশা করি।”

নজরুল ইসলাম খান নির্বাচনের প্রক্রিয়া ও ফলাফল নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমাদের দল আরও শক্তিশালীভাবে কাজ করবে এবং বিএনপির প্রার্থীরা আগামী নির্বাচনে আরও ভালো ফলাফল আনবে।”

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *