গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা—বললেন শিক্ষামন্ত্রী

সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, পরীক্ষার সার্বিক পরিস্থিতিতে সরকার সন্তুষ্ট এবং শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এ ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষ্যে আয়োজিত এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, সেশনজট কমাতে ডিসেম্বরের মধ্যেই সব পাবলিক পরীক্ষা শেষ করে জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরুর পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে, যাতে ভর্তি কার্যক্রম দ্রুত সম্পন্ন করা যায়।

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে ছড়ানো গুজব শিক্ষার্থীদের বিভ্রান্ত করতে পারে বলে তিনি সতর্ক করেন।

তিনি আরও বলেন, গুজব কে ছড়াচ্ছে তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি যাচাই ছাড়া তা প্রচার করাও বড় সমস্যা। এ ধরনের অপপ্রচার রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

এসএসসি পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, সুষ্ঠু পরিবেশে পরীক্ষা আয়োজন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে এবং এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।

এ সময় ইউজিসির চেয়ারম্যান ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *