মোঃ শাহাজালাল ভূঁইয়া উজ্জ্বল, স্টাফ রিপোর্টার: রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) বা সাবেক পিজি হাসপাতালে চিকিৎসা নিতে আসা সহজ-সরল নারীদের টার্গেট করে প্রতারণার অভিযোগে এক নারীকে আটক করেছে আনসার সদস্যরা। মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরে হাসপাতালের সি-ব্লক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।
সবআটককৃত নারীর নাম মনোয়ারা (৩৮)। পরে তাকে উদ্ধারকৃত বিভিন্ন সরঞ্জামসহ শাহবাগ থানা পুলিশ-এর কাছে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, দুপুর পৌনে একটার দিকে সি-ব্লকের পঞ্চম তলায় ডিউটিরত এক মনিটরিং মাঠকর্মী মনোয়ারার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।
তিনি দেখতে পান, ওই নারী বিভিন্ন নারী রোগীর কাছে গিয়ে সমাজসেবা অধিদপ্তর থেকে আর্থিক অনুদান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করছেন।
বিষয়টি তাৎক্ষণিকভাবে টহলরত আনসার সদস্যদের জানানো হলে পিসি মো. জাকির হোসেন, আনসার সদস্য মামুনুর রশিদ এবং নারী আনসার সদস্য হাফসা খাতুন ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন।
আটকের পর মনোয়ারার ব্যাগ তল্লাশি করে প্রতারণা ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে একটি সুসংগঠিত প্রতারক চক্রের সদস্য বলে স্বীকার করেছেন।
আনসার সূত্রে জানা গেছে, গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা অসহায় নারীদের টার্গেট করে ভয়ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে তাদের স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির মূল উদ্দেশ্য।
ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা হলে পরিচালকের নির্দেশনায় অভিযুক্ত নারীকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, বিএমইউ চত্বরে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা আনসার সদস্যদের এই তৎপরতার প্রশংসা করেছেন। তারা বলেন, এমন উদ্যোগ হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় তাদের সদস্যরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে