আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা রকস্টার। সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে।
শনিবার (২ মে) নিজের ফেসবুক পেজে ৫৪ সেকেন্ডের একটি মোশন পোস্টার ভিডিও প্রকাশ করেন শাকিব খান। ভিডিওটিতে ঝড়-বৃষ্টি, ইলেকট্রিক গিটারের ঝংকার এবং একটি কনসার্টের আবহ দেখা যায়, যেখানে রকস্টার চরিত্রে অ্যানিমেটেড শাকিব খানকে গান পরিবেশন করতে দেখা যায়।
ভিডিওর শেষ অংশে জানানো হয়, আগামী ৫ মে সিনেমাটির টিজার প্রকাশিত হবে। পোস্টারের ক্যাপশনে শাকিব খান লেখেন—“একটা গল্প, যা বদলে দেবে সবকিছু। আসছে খুব শিগগিরই।”
সান কমিউনিকেশনের প্রযোজনায় নির্মিত এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন এবং পরিচালনা করছেন আজমান রুশো। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলাকে।
ঈদকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শক ও সিনেমা ইন্ডাস্ট্রিতে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।