মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।
২১ ফেব্রুয়ারি রাত ১২টা ২২ মিনিটে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম, এনসিপি’র সদস্য সচিব আখতার হোসেন এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতারা।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি শহীদ বেদিতে দাঁড়িয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তারা।
এর আগে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন।
দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ কর্মসূচিতে অংশ নেন।