বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ গঠিত হয়েছে জুলাই বিপ্লবের রক্ত ও জনগণের ত্যাগের বিনিময়ে। তিনি মহান আল্লাহর শুকরিয়া আদায় করে নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
ডা. শফিকুর রহমান ১৯৭১, ১৯৭৫ এবং ১৯৯০-এর শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে যারা নির্যাতিত হয়েছেন এবং জুলাই বিপ্লবে জীবন দিয়েছেন, তাদের সাহসিকতাতেই আজ আমরা সদন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। তিনি শহীদদের জান্নাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার প্রার্থনা করেন।
বক্তব্যে তিনি সংসদের কার্যকারিতা নিয়ে বলেন, “স্বাধীনতার ৫৫ বছরে সংসদীয় রাজনীতি খুব কম সময় কার্যকর ছিল। অতীতে সংসদ গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য কার্যকর ছিল না। আমরা আশা করি, বর্তমান স্পিকার সরকারি দল ও বিরোধী দল উভয়ের জন্য ন্যায়বিচার নিশ্চিত করবেন। সংসদ যেন কারো চরিত্র হননের কেন্দ্র না হয়ে শুধুই জনকল্যাণের জন্য কাজ করে।” তিনি জুলাই বিপ্লবের মূল স্লোগান ‘We Want Justice’ স্মরণ করিয়ে দিয়ে বলেন, সংসদ সঠিকভাবে চললে রাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগও সঠিকভাবে কাজ করবে। বক্তৃতার শেষে তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে সংসদের সব গঠনমূলক কাজে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।