ওয়াশিংটন, ৬ মে ২০২৬: মার্কো রুবিও জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন এপিক ফিউরি’ সামরিক অভিযান শেষ হয়েছে। মঙ্গলবার এবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
রুবিও বলেন, মার্কিন প্রতিরক্ষা বাহিনী নির্ধারিত লক্ষ্য অর্জনের পর অভিযান সমাপ্ত করেছে। তিনি আরও জানান, নতুন করে ইরানে কোনো সামরিক অভিযান চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই। বরং শান্তিপূর্ণ সমাধানের পথেই এগোতে চায় ওয়াশিংটন।
তিনি উল্লেখ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতা চুক্তির মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক করতে আগ্রহী। বিশেষ করে হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা এবং ভবিষ্যৎ আলোচনার জন্য একটি সমঝোতা স্মারক তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে। এ প্রেক্ষাপটে সুইজারল্যান্ডের জেনেভায় কয়েক দফা আলোচনার পর সমঝোতা না হওয়ায় ২৮ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু হয়।
প্রায় ৪০ দিনের সংঘাতের পর ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, যা এখনো কার্যকর রয়েছে। তবে এই সময়ে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।