অনেকদিন পর নতুন করে আলোচনায় এলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তার অভিনীত সিনেমা ‘শত্রু’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।
আগামীকাল (৯ এপ্রিল) থেকে আইস্ক্রিনে সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।
এর আগে ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘শত্রু’। পরবর্তীতে গত বছর থেকে এটি দ্য অভি কথাচিত্রের ইউটিউব চ্যানেলেও দেখা যায়। এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি।
একসময় চলচ্চিত্রে বেশ ব্যস্ত থাকলেও সাম্প্রতিক সময়ে নতুন কোনো সিনেমার শুটিংয়ে দেখা যায়নি বাপ্পীকে। মুক্তি পাওয়া কয়েকটি সিনেমাও প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে তার ক্যারিয়ার নিয়ে নানা আলোচনা তৈরি হয়।
তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ‘ভালোবাসার রং’ খ্যাত এই অভিনেতা জানান, তিনি মোটেও হতাশ নন। তার ভাষ্য, নিয়মিতই অভিনয়ের প্রস্তাব পান, তবে গল্প পছন্দ না হওয়ায় অনেক কাজ করছেন না।
অ্যাকশনধর্মী ‘শত্রু’ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর। এতে বাপ্পীর বিপরীতে অভিনয় করেছেন জাহারা মিতু। এছাড়া আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আমির সিরাজি, ববি, জাদু আজাদ ও সোহেল বাবুসহ অনেকে।