কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পে কেটে ফেলার ঝুঁকিতে থাকা তিন হাজারের বেশি গাছ সংরক্ষণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে গাছ না কেটেই সড়ক সম্প্রসারণের কাজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ চার লেনে উন্নীত করার প্রকল্প নেওয়া হয় ২০২৪-২৫ অর্থবছরে। এর মধ্যে কলাতলী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ৩২ কিলোমিটার অংশে কাজ চলছে। শুরুতে প্রকল্প বাস্তবায়নে তিন হাজার গাছ কাটার আশঙ্কা প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে।
এরপর তিনি সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রীকে গাছ না কেটে বিকল্প উপায়ে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী নকশায় সামান্য পরিবর্তন এনে গাছগুলো অক্ষত রেখেই সড়ক সম্প্রসারণের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।
সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম রবি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর সরেজমিনে পরিদর্শন করে প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করা হয়। নকশার অ্যালাইনমেন্ট পরিবর্তনের মাধ্যমে গাছ সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে।
তিনি আরও জানান, বিদ্যমান গাছ রক্ষার পাশাপাশি মেরিন ড্রাইভকে আরও দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করতে সড়কের দুই পাশে নতুন বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বাস্তবায়ন হচ্ছে। এতে সড়ক প্রশস্তকরণ ছাড়াও রেজু খালের ওপর সেতু নির্মাণ, রিটেইনিং ওয়াল, সিসি ব্লক স্থাপনসহ বিভিন্ন অবকাঠামোগত কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ভারসাম্য রক্ষার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।