মান্দায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১ লাখ ৮০ হাজার টাকা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে পরিচালিত দুটি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর বৈধ লাইসেন্স ছাড়াই মান্দা উপজেলায় দুটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। এ অপরাধে মেসার্স ছবিরন ব্রিকসকে ১ লাখ ১০ হাজার টাকা এবং মেসার্স ছালেহা ব্রিকসকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক নিরাপত্তা প্রদান করে।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন বলেন, পরিবেশগত ছাড়পত্র ও লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা সম্পূর্ণ অবৈধ। এসব ইটভাটা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করে। সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, পরিবেশ সংরক্ষণে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সকলকে পরিবেশ আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

পরিবেশ সুরক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *