ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।
একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় আগামীকাল শুক্রবার বিশেষ দোয়া ও প্রার্থনার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ২০২৬ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে আয়োজন ও সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, দেশি-বিদেশি পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য উপাসনালয়ে সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।