চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন গ্রামে আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে হাম। বিশেষ করে শিবগঞ্জ উপজেলার রানিহাটি, ঘোড়াপাখিয়া, মনাকষা ও শ্যামপুর ইউনিয়নের অধিকাংশ বাড়িতেই শিশুদের মধ্যে জ্বর, সর্দি, কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা যাচ্ছে।
অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেক শিশুর চোখ লাল হয়ে যাওয়া ও দুর্বলতার লক্ষণও রয়েছে। তবে অনেকেই এটিকে সাধারণ জ্বর মনে করে গুরুত্ব না দেওয়ায় সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হাসপাতালে নেওয়ার প্রবণতা কম থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াপাখিয়া ইউনিয়নের গোলাপের হাট এলাকার বাসিন্দা আলি হাসানের ৪ বছর বয়সী ছেলে আব্দুর রহমান গত ৮ দিন ধরে হামের উপসর্গে ভুগলেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি হয়নি।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুকে আলাদা রাখা, দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া এবং সময়মতো টিকা দেওয়া অত্যন্ত জরুরি। টিকা না নেওয়া শিশুদের ক্ষেত্রে সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এখনই প্রয়োজন সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা গ্রহণ; অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।