মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের মরদেহ দেশে পৌঁছেছে।
সোমবার (৬ এপ্রিল) সকালে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের এসভি-৮০৬ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী মো. নুরুল হক বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন।
জানা গেছে, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারজ এলাকায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানলে গুরুতর দগ্ধ হন মামুন। তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে যায়। পরে রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আব্দুল্লাহ আল মামুনের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা আক্রমণ চালালে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সংঘাত ছড়িয়ে পড়ে। এতে বিভিন্ন দেশে কর্মরত একাধিক বাংলাদেশি প্রবাসী হতাহত হয়েছেন।