শোবিজ অঙ্গন থেকে সরে গিয়ে ধর্মীয় জীবনধারায় ফিরে আসা আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবাকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিষয়টি নিয়ে নিজেই মুখ খুলে বিভ্রান্তি দূর করেছেন তিনি।
সম্প্রতি এক পোস্টকে কেন্দ্র করে তার বিয়ের খবর ছড়িয়ে পড়লেও লুবাবা জানিয়েছেন, তার বিয়ে হয়নি; পারিবারিকভাবে বাগদান সম্পন্ন হয়েছে।
এর আগে দেওয়া এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’ ওই পোস্টের পরই নেটিজেনদের মধ্যে বিয়ের গুঞ্জন শুরু হয়।
এদিকে চিত্রনায়িকা বর্ষার অভিনন্দন বার্তায় বিষয়টি আরও জোরালো হয়ে ওঠে। তিনি সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে বিয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন।
তবে পরবর্তীতে লুবাবা স্পষ্ট করে জানান, দুই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। বিয়ের আনুষ্ঠানিকতা আইন অনুযায়ী নির্ধারিত সময়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে তিনি সবার কাছে দোয়া কামনা করেছেন।