সিলেটে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় থাকা আইটি পার্ক দ্রুত সময়ের মধ্যে চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ শুরু করেছে এবং সরকার দ্রুততম সময়ে এটি সচল করতে আশাবাদী।
শনিবার (২ মে) সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সিলেটে নির্মিত আইটি পার্কটি এখনও পুরোপুরি সচল হয়নি। তবে এটি পুনরায় চালু হলে স্থানীয় তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বিশেষ করে ফ্রিল্যান্সিং, ডেটা প্রসেসিংসহ বিভিন্ন আইটি খাতে দক্ষ তরুণরা এখানে কাজের সুযোগ পাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যারা আইটি খাতে কাজ করতে আগ্রহী কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের জন্য এই পার্কে বিশেষ সুযোগ তৈরি করা হবে। পাশাপাশি ভোকেশনাল ইনস্টিটিউটগুলো আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে তরুণরা দেশ-বিদেশে কর্মসংস্থানের উপযোগী দক্ষতা অর্জন করতে পারে।
সরকারের এই উদ্যোগকে আইটি ও মানবসম্পদ উন্নয়নের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।