ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি শিল্পী আশা ভোসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) ৯২ বছর বয়সী এই শিল্পীকে ব্রিচ ক্যান্ডি হাসপাতাল-এ ভর্তি করা হয়।
ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তিনি কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়েছেন এবং তার অবস্থা সংকটাপন্ন।
এদিকে, তার নাতনি জানাই ভোসলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম-এ এক বার্তায় দাদির অসুস্থতার কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, অতিরিক্ত ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে আশা ভোসলে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
প্রায় আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে আশা ভোসলে নিজেকে ভারতীয় সংগীতের অন্যতম বহুমুখী ও প্রভাবশালী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শাস্ত্রীয়, লোকসংগীত, পপ, গজল—সব ধারাতেই তার কণ্ঠের অসাধারণ উপস্থিতি রয়েছে। তিনি হাজার হাজার গানে কণ্ঠ দিয়েছেন, যা বিভিন্ন ভারতীয় ভাষা ছাড়াও আন্তর্জাতিক পরিসরেও ছড়িয়ে পড়েছে।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার এবং দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণ-এ ভূষিত হয়েছেন। এছাড়া একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ারসহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন তিনি। ১৯৯৭ সালে তিনি গ্র্যামি অ্যাওয়ার্ড-এর জন্যও মনোনীত হয়েছিলেন।