সাত বছরের শিরোপা খরা কাটানোর লক্ষ্যে দুর্দান্ত ছন্দে ছুটছে আল নাসর। সেই অভিযানে সৌদি প্রো লিগে টানা জয়ের নতুন রেকর্ড গড়েছে দলটি।
শনিবারের ম্যাচে আল আখদুদ-কে ২-০ গোলে হারিয়ে টানা ১৪তম জয় তুলে নেয় আল নাসর। এর মাধ্যমে তারা ছাড়িয়ে যায় ২০১৩-১৪ মৌসুমের নিজেদের আগের জয়ের রেকর্ড।
দলের এই জয়ে গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো। ম্যাচের ১৫তম মিনিটে ডান দিক থেকে আক্রমণ গড়ে তুলে সতীর্থ নাওয়াফ বুশাল-এর পাস থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বক্সে ঢুকে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।
এই গোলের মাধ্যমে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৬৮-তে, হাজার গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন এই কিংবদন্তি।
চলতি লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ২৪ ম্যাচে ২৪টি। গোলদাতার তালিকায় শীর্ষে আছেন আইভান টনি, যার ২৭ ম্যাচে গোল ২৭টি।
দ্বিতীয়ার্ধের শুরুতে আরেক গোল যোগ করেন জোয়াও ফেলিক্স। কর্নার থেকে আসা বল পোস্টে লেগে ফিরে এলে জটলার মধ্যে কাছ থেকে শটে বল জালে জড়ান তিনি।
এই জয়ে লিগ শিরোপার পথে আরও একধাপ এগিয়ে গেল আল নাসর। ২৪ ম্যাচে তাদের সংগ্রহ ৭৩ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আল হিলাল।
উল্লেখ্য, সবশেষ ২০১৮-১৯ মৌসুমে সৌদি প্রো লিগ শিরোপা জিতেছিল আল নাসর। এবার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতে মরিয়া দলটি।