৪ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে ফের খুন

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেড়িবাঁধ এলাকার তিনরাস্তা থেকে হাজারীবাগ যাওয়ার পথে সাদেক খানের ইটখোলা এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় আসাদুলের মরদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে গত ১২ এপ্রিল একই এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে এলেক্স ইমন গ্রুপের প্রধান ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। চার দিনের ব্যবধানে এই দ্বিতীয় হত্যাকাণ্ডে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

এডিসি জুয়েল রানা জানান, নিহত আসাদুল বরিশালের গৌরনদী উপজেলার কালনা এলাকার বাসিন্দা এবং মোহাম্মদপুরের মেট্রো হাউজিং এলাকায় ভাড়া থাকতেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, নিহতের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *