রাজবাড়ীতে রমজানে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি শুরু

রাজবাড়ীতে স্বল্প আয়ের মানুষের জন্য কম দামে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে জেলা প্রশাসক সুলতানা আক্তার অস্থায়ী এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।

জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এ বিক্রয় কেন্দ্রে একজন ক্রেতা সর্বোচ্চ দুই হালি ডিম (৩০ টাকা হালি হিসেবে), এক লিটার দুধ ৭০ টাকা এবং ১ কেজি গরুর মাংস ৭০০ টাকায় কিনতে পারবেন। বিক্রি কার্যক্রম রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, রমজানে প্রোটিনপূর্ণ খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়। তাই দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্যে এই আয়োজন করা হয়েছে। প্রতিদিন সর্বমোট ৫০০ পিস ডিম, ৬০ লিটার দুধ ও ১০০ কেজি মাংস বিক্রি হবে। জোগান ও চাহিদা অনুযায়ী সরবরাহ বাড়ানো হতে পারে।

স্থানীয়রা জানান, বাজারদরের তুলনায় কিছুটা কম দামে দুধ, ডিম ও মাংস পাওয়ায় তারা খুশি। তবে অনেকের মন্তব্য, মাংসের দাম বাজারের তুলনায় বেশি, যেহেতু বাজারে ৭৫০ টাকায় মাংস পাওয়া যায়। জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে সবাই সুলভ মূল্যে প্রোটিন সমৃদ্ধ খাদ্য উপভোগ করতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *