প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে শুধু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর ৩বি(আইআই) বিধি অনুযায়ী আট প্রতিমন্ত্রীর দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর-এর দায়িত্বও পরিবর্তন করা হয়।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত দায়িত্ব বণ্টন প্রজ্ঞাপনে নুরুল হক নুরকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান—এই দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে নতুন গেজেট অনুযায়ী এখন থেকে তিনি শুধুমাত্র প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।
মন্ত্রিপরিষদসচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, বিএনপি জোট থেকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন নুরুল হক নুর। পরে নতুন সরকারের গঠনে তাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পুনর্বণ্টনের এই সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।