সোনারগাঁওয়ে অভিযানে থানা থেকে লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বিশেষ অভিযানে থানা থেকে লুট হওয়া সাতটি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৌরসভার লাহাপাড়া গ্রামে মাহবুব সরকারের বাড়ির একটি ভাড়াটিয়া কক্ষ থেকে এসব গ্রেনেড উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নরসিংদী জেলার শিবপুর উপজেলার ইটাখোলা এলাকা থেকে ছিনতাই হওয়া একটি তেলবাহী গাড়ির সন্ধানে অভিযান চালাতে গিয়ে এ বিস্ফোরকগুলো পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল শিবপুরে তেলবাহী গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজ ও মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ করে গাড়িটির অবস্থান সোনারগাঁওয়ের লাহাপাড়ায় শনাক্ত করা হয়। এরপর নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক সালাউদ্দিন কাদেরের নেতৃত্বে, সোনারগাঁও থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রধান অভিযুক্ত আজিজুল ইসলাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই বাসা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা থেকে লুট হওয়া সাতটি সাউন্ড গ্রেনেড, পুলিশের হেলমেট, লাঠিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

বাড়ির মালিক মাহবুব সরকার জানান, ভাড়াটিয়া আজিজুল একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত এবং তিনি এসব গ্রেনেডের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিববুল্লাহ বলেন, উদ্ধার হওয়া গ্রেনেডগুলো কোন কোন থানা থেকে লুট করা হয়েছে তা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *