মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন বৈশ্বিক শুল্ক শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এ শুল্ক কার্যকর হয়।
এর আগে গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বৈধ নয় বলে রায় দেয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আদালত জানায়, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রেসিডেন্টকে অবশ্যই মার্কিন কংগ্রেসের অনুমোদন নিতে হবে। তবে রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর গণহারে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়।
পরবর্তীতে শুল্কের হার ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনার কথাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তবে সরকারি নথি অনুযায়ী, মঙ্গলবার থেকে ১০ শতাংশ হারেই শুল্ক কার্যকর হয়েছে।
জানা গেছে, ১৯৭৮ সালের একটি আইন ব্যবহার করে প্রথমবারের মতো এ ধরনের বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। জাতীয় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টকে নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয় ওই আইন।
বিশ্লেষকরা মনে করছেন, এ শুল্ক কার্যকর হওয়ার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে প্রভাব পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বাণিজ্য সম্পর্ক নতুন করে আলোচনায় আসতে পারে।