শত্রুপক্ষ আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। দেশটির খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ড সদরদপ্তর এক বিবৃতিতে এ অবস্থান জানায়।
বৃহস্পতিবার প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ইরানের সামরিক সক্ষমতা সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা ‘অসম্পূর্ণ’ এবং ‘ভুল’। তাদের মতে, ইরানের প্রকৃত সামরিক শক্তি ও কৌশলগত সক্ষমতা সম্পর্কে প্রতিপক্ষের যথাযথ ধারণা নেই।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন। এর পরপরই পাল্টা প্রতিক্রিয়া জানায় তেহরান।
ইরানের সেন্ট্রাল কমান্ড দাবি করে, দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, দূরপাল্লার ড্রোন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা ধ্বংস করা সম্ভব হয়নি। এসব সক্ষমতা এখনো সক্রিয় রয়েছে এবং কৌশলগতভাবে এমন স্থানে পরিচালিত হচ্ছে, যা প্রতিপক্ষের নাগালের বাইরে।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আত্মসমর্পণ না করা পর্যন্ত আরও ‘বিস্তৃত ও ধ্বংসাত্মক’ হামলা অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।