অসচ্ছল ও আর্থিকভাবে অক্ষম বিচারপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সরকারি খরচে ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আইনি সহায়তা দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এই সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিবেদনে লিগ্যাল এইড কার্যক্রমের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৩৫৫টি মামলায় সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৪৬ হাজার ৫৮৪টি মামলায় এবং ঢাকা ও চট্টগ্রামের শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে ৪ হাজার ৫৪৯টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের জন্য সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়।
উল্লেখ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে সংস্থাটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।