পবিত্র রমজান উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছুটি শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০২৬ সালের শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি নির্ধারণ করেছে। সংশোধিত তালিকায় রমজানকে কেন্দ্র করে ছুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে দুটি মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী পবিত্র রমজান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবে কদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত টানা ছুটি থাকবে।
এর আগে পূর্বঘোষিত ছুটির তালিকা অনুযায়ী আরও কয়েক দিন ক্লাস চলার কথা ছিল। তবে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে পরবর্তীতে ছুটির তালিকা সংশোধন করে নতুন সিদ্ধান্ত জানানো হয়।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিক্ষার্থীদের ধর্মীয় অনুশাসন পালনে সহায়তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।