রাজধানীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অংশ নেন কয়েক হাজার মানুষ।
প্রতিবছরের মতো এবারের শোভাযাত্রাতেও দেশীয় ও বৈশ্বিক নানা ইস্যুর প্রতিফলন দেখা গেছে। বিশেষ করে ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ডটি সবার নজর কাড়ে। অংশগ্রহণকারীরা এর মাধ্যমে আন্তর্জাতিক মানবাধিকার ইস্যুতে সংহতির বার্তা তুলে ধরেন।
চারুকলা এলাকা ও টিএসসি ঘুরে দেখা যায়, শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও প্রতীকী শিল্পকর্ম। এসব প্ল্যাকার্ডে উঠে আসে পরিবেশ, কৃষি, শিক্ষা ও আন্তর্জাতিক রাজনীতিসহ নানা বিষয়। ‘বাঁচাও সুন্দরবন’, ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘ইরানে মার্কিন যুদ্ধ বন্ধ করো’, ‘গণহত্যাকারীদের রাজনীতি প্রত্যাখ্যান করো’, ‘ফসলের লাভজনক মূল্য দাও’, ‘শিক্ষা বাণিজ্য বন্ধ কর’, ‘মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করো’—এমন নানা স্লোগান দেখা গেছে।
শোভাযাত্রাজুড়ে ঢোল, বাঁশি ও বিভিন্ন বাদ্যযন্ত্রের সুরে তৈরি হয় উৎসবের আবহ। রঙিন মুখোশ, বিশালাকৃতির মোটিফ ও লোকজ উপস্থাপনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
নববর্ষ উপলক্ষে চারুকলা অনুষদে সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। চৈত্র সংক্রান্তির দিন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বকুলতলায় লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।