বাংলাদেশসহ নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। গত ২১ জানুয়ারি ২০২৬ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
সোমবার (২ মার্চ) সকালে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কিছু দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে। যেসব দেশের অভিবাসীরা যুক্তরাষ্ট্রে গিয়ে করদাতাদের ব্যয়ে তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, সেই দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য।
তবে দূতাবাস স্পষ্ট করেছে, এই স্থগিতাদেশ ভিজিটর বা অস্থায়ী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদি সফরের জন্য ভিসা কার্যক্রম আগের মতোই চলবে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সিদ্ধান্তের পরও প্রভাবিত দেশগুলোর নাগরিকরা অভিবাসী ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সময় অনুযায়ী সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন। এছাড়া ভিসা সাক্ষাৎকারের সময় নির্ধারণ কার্যক্রমও স্বাভাবিকভাবে চলবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অভিবাসন নীতির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।