প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বর্তমান সরকার শুধু সার্টিফিকেটনির্ভর শিক্ষা নয়, বরং কর্মমুখী ও জীবনমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায়।
তিনি বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা তৈরি করতে চাই, যেখানে শিক্ষকরা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার কথা শুনবেন এবং তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য দক্ষ করে গড়ে তুলবেন।”
মঙ্গলবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়-এর সিন্ডিকেট হলে আয়োজিত ‘হায়ার এডুকেশন ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ: কন্টেম্পোরারি থটস’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি ফর প্রাইভেট ইউনিভার্সিটি একাডেমিকস (বিএসপিইউএ) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।
প্রতিমন্ত্রী জানান, উচ্চশিক্ষার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী একটি শিক্ষা দর্শন সম্পর্কিত প্রস্তাবনা ইতোমধ্যে প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতের শিক্ষা কমিশনগুলো অনেক ক্ষেত্রে জাতির চাহিদা পূরণে প্রত্যাশিত ভূমিকা রাখতে পারেনি। এ কারণে সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর সংস্কারের উদ্যোগ নিয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশ ও সৃজনশীলতার পথ আরও সুগম করা হবে।
শিক্ষকদের মর্যাদার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সরকার তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে কোনো প্রকার ট্যাক্স বা ভ্যাট আরোপে সরকার বিশ্বাসী নয়। ধাপে ধাপে শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সব ধরনের ট্যাক্স ও ভ্যাট প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করছে।
সেমিনারে সভাপতিত্ব করেন ফরিদ আহমদ সোবহানী, যিনি ইস্টার্ন ইউনিভার্সিটি-এর উপাচার্য। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবদুল হান্নান চৌধুরী।
এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র সদস্য এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।