সংযুক্ত আরব আমিরাত-এ আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।
আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, মহাকাশ গবেষণার তথ্য অনুযায়ী আগামী ১৭ মে রাতে জিলহজ মাসের চাঁদ জন্ম নেবে। ওইদিন সূর্যাস্তের পর আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সে হিসেবে ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন এবং ২৬ মে আরাফা দিবস হতে পারে। পরদিন অর্থাৎ ২৭ মে বুধবার পালিত হতে পারে পবিত্র ঈদুল আজহা।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এসব তারিখ জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করেই দেশটির চাঁদ দেখা কমিটি ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।