সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ১ লাখ ৯২ হাজার ৯১৯ টন জ্বালানি তেল মজুদ রয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। মজুদকৃত তেলের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল—১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন। এছাড়া অকটেন আছে ৭ হাজার ৯৪০ টন, পেট্রোল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
বাংলাদেশ পেট্রলিয়াম কর্পোরেশনের কর্মকর্তা জানান, এই পরিমাণ তেল দিয়ে দেশের চাহিদা আগামী ১৫ থেকে ১৬ দিন পূরণ করা সম্ভব। পাশাপাশি নতুন কয়েকটি জ্বালানি তেলবাহী জাহাজ দ্রুত দেশে পৌঁছাবে, তাই তাৎক্ষণিক কোনো সংকটের আশঙ্কা নেই।
সরকার জ্বালানি তেলের মজুতদারি রোধে অভিযানও জোরদার করেছে। ৩ মার্চ থেকে এখন পর্যন্ত ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার ডিজেল, ২৮ হাজার ৯৩৮ লিটার অকটেন এবং ৬০ হাজার ২ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। অভিযানের মাধ্যমে দায়ের করা ১ হাজার ২৪৪টি মামলায় মোট ৮৪ লাখ ৫১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।