ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মালয়েশিয়া। গতকাল ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশি ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রী সিনেটর ড. জুলকিফলি হাসান এ বিষয়ে একমত হন।
বৈঠকে কায়কোবাদ হজ ব্যবস্থাপনা, যাকাত প্রশাসন এবং ধর্মীয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পারস্পরিক অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি হজ কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি, যাকাত ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়নের বিষয়েও জোর দেন।
পারস্পরিক সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশ ধর্ম বিষয়ক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার প্রতি আশাবাদ ব্যক্ত করে। এছাড়া, সমসাময়িক প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে ধর্মীয় শিক্ষাকে আরও কার্যকর ও সময়োপযোগী করার উপায় নিয়ে আলোচনা হয়।