ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেতা ও ‘তামিলাগা ভেট্রি কাজগম’ (টিভিকে) প্রধান বিজয় থালাপতি। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে স্ত্রী-সন্তানের অনুপস্থিতি এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
রোববার চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ের স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম ও তাদের দুই সন্তান জেসন এবং ধিভ্যাকে দেখা যায়নি। অন্যদিকে, প্রথম সারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার সঙ্গে ছিলেন মা উমা কৃষ্ণান।
নীল কাঞ্জিভরম শাড়ি ও জুঁই ফুলে সজ্জিত তৃষাকে অনুষ্ঠানে বেশ উচ্ছ্বসিত দেখা যায়। শপথ শেষে বিজয়কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “অভিনন্দন বিজয়, আমি খুব খুশি।” পরে বিজয়ের বাবা-মায়ের সঙ্গেও কুশল বিনিময় করেন এই অভিনেত্রী।
পরিবারের সদস্যদের অনুপস্থিতি এবং তৃষার উপস্থিতিকে ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
১৯৯৯ সালে বিজয় ও সঙ্গীতা বিবাহবন্ধনে আবদ্ধ হন। প্রায় ২৭ বছরের দাম্পত্য জীবনের মধ্যে গত কয়েক মাস ধরে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের দাবি, সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদনও করেছেন। যদিও এ বিষয়ে বিজয় বা সঙ্গীতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ‘ঘিল্লি’ ও ‘লিও’সহ একাধিক জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন বিজয় ও তৃষা। আগামী ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে তৃষা অভিনীত নতুন চলচ্চিত্র ‘কারুপ্পু’র।