জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৭টি প্রকল্প উত্থাপন করা হলে এর মধ্যে ১৫টি প্রকল্প অনুমোদন পেয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ২০২৫-২৬ অর্থবছরের একনেকের ১০ম সভা অনুষ্ঠিত হয়।
জোনায়েদ সাকি বলেন, সভায় উত্থাপিত ১৭টি প্রকল্পের মধ্যে অধিকাংশই অনুমোদন পেয়েছে। তবে কয়েকটি প্রকল্প শর্তসাপেক্ষে অনুমোদিত হয়েছে এবং কিছু বিষয়ে পর্যবেক্ষণ (কমেন্ট) রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, পূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান এবং প্রস্তাবিত প্রকল্পগুলো পুনর্মূল্যায়ন করা হচ্ছে। অনেক প্রকল্প বর্তমানে প্রয়োজনীয়তা হারিয়েছে কি না, তা পর্যালোচনা করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন। পাশাপাশি কোন খাতে ব্যয় হচ্ছে এবং তা যৌক্তিক কি না—এসব বিষয় গভীরভাবে যাচাই-বাছাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রকল্পগুলো দেশের জনগণের জীবনমান উন্নয়ন এবং সরকারের নীতি ও ইশতেহারের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।