রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মীরহাজারীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— আজিজুল ইসলাম (৫৮) ও সাইফুল ইসলাম (৫৫)। আজিজুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তিনি গেন্ডারিয়া সতীশ সরকার রোডে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার বাবার নাম সালামৃধা।
সাইফুল ইসলাম একটি মোটরের দোকানের কর্মচারী ছিলেন। তিনিও একই এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার বাবার নাম লোকমান খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, যাত্রাবাড়ী থেকে আহত দুইজনকে জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বলে জানা গেছে।