চলতি বছর এখন পর্যন্ত ১০টি নতুন মসজিদ উদ্বোধন করেছে দুবাই। পবিত্র রমজান মাসে আরও পাঁচটি মসজিদ উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। ফলে বছর শেষে সম্প্রসারণ কার্যক্রমে মোট ১৫টি নতুন মসজিদ যুক্ত হবে।
দুবাইয়ের Islamic Affairs and Charitable Activities Department জানিয়েছে, আবাসিক এলাকায় মসজিদে প্রবেশাধিকার সহজ করা এবং ধর্মীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে রমজান মাসে বাড়তি মুসল্লির চাপ সামাল দিতে সক্ষমতা বৃদ্ধি এই পরিকল্পনার অন্যতম লক্ষ্য।
কর্তৃপক্ষ জানায়, এসব প্রকল্প কেবল নামাজের স্থান বাড়ানোর জন্য নয়; বরং পাড়া-মহল্লায় মসজিদকে আধ্যাত্মিক ও সামাজিক কেন্দ্র হিসেবে আরও কার্যকর করে তোলার উদ্দেশ্যও রয়েছে। এর মাধ্যমে স্থানীয়দের ধর্মীয় ও সামাজিক জীবনমান উন্নত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবামূলক প্রকল্পের অংশ হিসেবে দুবাই নিয়মিতভাবে নতুন মসজিদ নির্মাণ ও পুরোনো মসজিদ সংস্কারের উদ্যোগ নিয়ে থাকে।
সূত্র: Gulf News