জুমার নামাজ শেষে শিশুদের মাথায় হাত রেখে দোয়া করলেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকানৌবাহিনী সদরদপ্তর মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে আন্তরিক মুহূর্ত কাটাতে দেখা গেছে প্রধানমন্ত্রী তারেক রহমান-কে। সাধারণ পোশাকে নামাজ আদায় করে বের হওয়ার পর একদল শিশু-কিশোর তাকে ঘিরে ধরে এবং তাদের সঙ্গে প্রাণবন্ত আলাপচারিতায় অংশ নেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে মসজিদ চত্বরে উপস্থিত শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, শিশুদের কৌতূহলী প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হাসিমুখে কথা বলছেন এবং তাদের সঙ্গে স্নেহপূর্ণ আচরণ করছেন।

একপর্যায়ে এক শিশু তাকে জিজ্ঞেস করে, ‘আংকেল, আপনি কি রোজা রেখেছেন?’ জবাবে প্রধানমন্ত্রী মুচকি হেসে বলেন, ‘জ্বি, আমি সবগুলো রোজা রেখেছি।’ এরপর শিশুদের মধ্যেও কে কয়টি রোজা রেখেছে তা নিয়ে শুরু হয় আলোচনা। এক শিশু সবগুলো রোজা রাখার দাবি করলে তার বন্ধুরা মজার ছলে জানায়, সে সেদিন সকালে খেয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী শিশুটিকে কাছে টেনে নিয়ে স্নেহভরে জানতে চান, সে আসলে কয়টি রোজা রেখেছে। শিশুটি লাজুক কণ্ঠে স্বীকার করে, ‘আজকের একটা রোজা বাদে সবগুলোই রেখেছি।’ প্রধানমন্ত্রীর এই আন্তরিক আচরণে উপস্থিত সবাই আবেগাপ্লুত হন।

তিনি শিশুদের ধর্মীয় অনুরাগ ও চেষ্টা দেখে তাদের প্রশংসা করেন এবং সবার মাথায় হাত রেখে দোয়া করেন। দেশের সরকার প্রধানকে এত কাছে পেয়ে এবং তার সঙ্গে সরাসরি কথা বলতে পেরে শিশুদের মধ্যেও আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা প্রধানমন্ত্রীর এমন মানবিক ও সহজ আচরণের প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করেছেন, শিশুদের সঙ্গে তার এই স্বতঃস্ফূর্ত ও স্নেহপূর্ণ আচরণ একজন নেতার মানবিক দিকের প্রতিফলন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *