জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করায় বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে দেওয়া তীব্র বক্তব্য প্রত্যাহার করেছেন।
রোববার (৮ মার্চ) পাটওয়ারী তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে বিএনপিকে ধন্যবাদ জানান এবং বলেন, “ধন্যবাদ বিএনপিকে অতি উৎসাহী মামলাবাজকে শোকজ করার জন্য। আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। আশা করি ভবিষ্যতে এ ধরনের অযথা অশান্তির সৃষ্টি আর করবেন না।”
এর আগে, রমনা থানা বিএনপি পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শোকজ করে। এ ঘটনাক্রমে পাটওয়ারী ওই পোস্ট দেন।
উল্লেখ্য, রোববার বিকেলে বরিশাল নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে পাটওয়ারী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে কটূক্তি করেছিলেন। তিনি তখন বলেন, “শেখ হাসিনার আমলে আমাকে মাথা নিচের দিকে দিয়ে পা উপরে তুলে সারারাত নির্যাতন করেছিল।
কখনো আপস করার চেষ্টা করি নাই। তুমি আব্বাস কোন চ্যার বা। তুমি আসছো এখানে মামলা করতে। তোমাকে গোনার টাইম নাই। সিনিয়র সিটিজেন আছেন, সিনিয়র সিটিজেন থাকেন। আমরা সম্মান করতে চাই। কিন্তু নিজের সম্মান যদি ধরে রাখতে না পারেন যারা ইয়াং জেনারেশন, জেনজিরা আপনার পুরা সম্মানের চাদর খুলে বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে।”