প্রশংসায় ভাসছেন ‘মাটির মানুষ’ অরিজিৎ সিং

শুধু ভারত নয়, সুরের জাদুতে বিশ্বজুড়ে কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে নিয়েছেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। আকাশছোঁয়া জনপ্রিয়তা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিলেও ব্যক্তিজীবনে রয়ে গেছেন একেবারেই সাধারণ।

বলিউডের ঝলমলে জীবনযাপন থেকে নিজেকে অনেকটাই দূরে রেখেছেন তিনি। বিলাসবহুল গাড়ি বা অভিজাত জীবনযাপনের বদলে মাটির কাছাকাছি থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই শিল্পী। সুযোগ পেলেই ফিরে যান নিজের পৈতৃক ভিটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। স্থানীয়দের কাছেও তিনি এখনও সেই পরিচিত ঘরের ছেলে।

সম্প্রতি ২০২৬ সালের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটে অংশ নিয়ে আবারও আলোচনায় আসেন অরিজিৎ। গত বৃহস্পতিবার জিয়াগঞ্জের একটি ভোটকেন্দ্রে স্ত্রী কোয়েলকে সঙ্গে নিয়ে সাধারণ ভোটারের মতোই ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।

ভোটকেন্দ্রে তার স্বাভাবিক ও সহজ আচরণ ভক্তদের মন জয় করেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ভোট দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে হাস্যরসাত্মক জবাব দেন অরিজিৎ। তিনি বলেন, “ভোটের দিনে আমি কিছু বললে লোকে ভাববে আমি নেতা হয়ে গেছি।” এরপর আঙুলে লাগানো কালি দেখিয়ে হাসিমুখে পোজ দেন।

অরিজিতের এমন সাদামাটা জীবনযাপন ও আন্তরিক আচরণ সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই তাকে ‘মাটির মানুষ’ হিসেবে আখ্যায়িত করছেন। ভোট শেষে আগের মতোই পায়ে হেঁটে বাড়ি ফেরেন জনপ্রিয় এই গায়ক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *