হামের উপসর্গে ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত বেড়ে ৫৭৯২

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। গত ১৯ দিনে দেশের বিভিন্ন স্থানে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে রোগটিতে আক্রান্তের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত তথ্যে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে ৯৪৭ জনের মধ্যে হাম-সদৃশ উপসর্গ শনাক্ত হয়েছে, যার মধ্যে ৪২ জনের ক্ষেত্রে রোগটি নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে মোট হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ জনে। পরিস্থিতি মোকাবিলায় গত ১৫ মার্চ থেকে আক্রান্ত ও মৃত্যুর তথ্য সংরক্ষণ শুরু করা হয়।

এছাড়া, ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগে ভর্তি হয়েছেন ৩ হাজার ৭৭৬ জন। তাদের মধ্যে ৭৭১ জনের শরীরে পরীক্ষার মাধ্যমে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের সংক্রমণ দ্রুত ছড়ায় এবং শিশুদের জন্য এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করা, জ্বর বা ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং আক্রান্তদের আলাদা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের কথা জানিয়েছে। একই সঙ্গে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *