সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন মারা গেছেন।
সর্বশেষ সোমবার বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম (৫২) মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।
এদিকে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৪৪৩ জন রয়েছেন।
হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২১টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।
গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।