জামিন বাতিল, ফের কারাগারে গায়ক নোবেল

ফের আইনি জটিলতায় পড়েছেন আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের মামলায় জামিন পেলেও আপসের শর্ত ভঙ্গ করায় তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ২৪ ফেব্রুয়ারি বাদীর সঙ্গে আপসের শর্তে জামিন পান নোবেল। তবে জামিনের পর সেই শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বাদী আনাননিয়া শবনম রোজ অনন্যা অভিযোগ করেন, জামিন পাওয়ার পর নোবেল তাকে বাসায় নিয়ে মারধর করেন। কেন মামলা করা হয়েছে—এ অভিযোগ তুলে তার ওপর নির্যাতন চালানো হয়। তিনি সাংবাদিকদের সামনে শরীরে আঘাতের চিহ্নও দেখান।

বাদীর মা বিবি কুলসুম জানান, জামিনের সময় আপসের আশ্বাস দিলেও পরে নোবেলের আচরণ বদলে যায়। তাদের দাবি, নির্যাতনের ঘটনায় ভিডিওসহ বিভিন্ন প্রমাণ রয়েছে এবং এ বিষয়ে আদালতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বাদীপক্ষের আইনজীবী বলেন, আপসের ভিত্তিতে জামিনে বাধা দেওয়া হয়নি। কিন্তু জামিনের পর পুনরায় নির্যাতনের অভিযোগ ওঠায় আদালতে জামিন বাতিলের আবেদন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন বাদী। এতে অভিযোগ করা হয়, প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ১৩ লাখের বেশি টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টার অভিযোগও রয়েছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে চলতি বছরের ৭ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেয়। পরে ৩ ফেব্রুয়ারি আদালত নোবেল, তার মা ও স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এরপর ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে ২০২৫ সালের মে মাসে ধর্ষণ ও মারধরের অভিযোগে আরেকটি মামলায়ও গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। পরে ওই মামলায় জামিনে মুক্তি পান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *