পাকিস্তান সফর বাতিল করলেন ট্রাম্প, ইরান ইস্যুতে অচলাবস্থা

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তান সফরে যাওয়ার কথা থাকলেও মার্কিন প্রতিনিধি দলের সেই সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পোস্টে ট্রাম্প জানান, পাকিস্তানে ইরানিদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যাওয়া তার প্রতিনিধিদের সফর তিনি বাতিল করেছেন। সফর বাতিলের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ভ্রমণে সময় নষ্ট হচ্ছে এবং বর্তমানে তার হাতে গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। পাশাপাশি ইরানের নেতৃত্বের মধ্যে বিভ্রান্তি ও অন্তর্কোন্দলের কথাও তুলে ধরেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম Fox News-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমাদের হাতে সব সুযোগ রয়েছে, তাদের হাতে কিছুই নেই। তারা কথা বলতে চাইলে শুধু একটি ফোন কলই যথেষ্ট।” তিনি আরও বলেন, ফলপ্রসূ আলোচনা ছাড়া দীর্ঘ ১৮ ঘণ্টার ভ্রমণ আর প্রয়োজন নেই।

প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করায় ট্রাম্প তার বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার-এর নির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেন।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল পাকিস্তান সফর শেষে শনিবার দেশটি ত্যাগ করেছে। সফরকালে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধানসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *