মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পাঁচ দিনের ব্যবধানে প্রায় দুই লাখ টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ছে তিনটি জাহাজ। এসব জাহাজে মোট প্রায় ১ লাখ ৯৩ হাজার টন এলএনজি আসছে বলে জানিয়েছে বন্দর সংশ্লিষ্টরা।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ নামের ট্যাংকারটি ইতোমধ্যে বাংলাদেশের সমুদ্রসীমায় পৌঁছেছে। বৃহস্পতিবার জাহাজটি কুতুবদিয়া উপকূলে অবস্থান নেয়।
এ ছাড়া ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘নিউ ব্রেভ’ এবং যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৭০ হাজার টন এলএনজি বহনকারী ‘সেলসিয়াস গ্যালাপাগোস’ নামের আরও দুটি জাহাজ নির্ধারিত সময় অনুযায়ী আগামী বুধবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
জাহাজ দুটির স্থানীয় শিপিং এজেন্ট ইউনি গ্লোবাল বিজনেস লিমিটেড-এর জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মো. নুরুল আলম জানান, বর্তমান সূচি অনুযায়ী ট্যাংকার দুটি সময়মতো বন্দরে ভিড়বে বলে তারা আশাবাদী।
বন্দর সূত্র জানায়, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এলএনজি আমদানির এই ধারাবাহিকতা বজায় রাখা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, নির্ধারিত সময় অনুযায়ী জাহাজগুলো পৌঁছালে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা বজায় থাকবে।