কয়েকদিন ধরেই চলছিল জোর প্রচারণা। প্রকাশিত হয়েছিল একটি ভিডিও ক্লিপও। অনেকেই ধারণা করেছিলেন এটি কোনো বিজ্ঞাপন বা সিনেমার আইটেম গান। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সামনে এলো একটি মিউজিক ভিডিও—‘জয়ধ্বনি’, যা প্রকাশের পরই দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।
এই মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। মেগাস্টার শাকিব খানের সঙ্গে এটি তার প্রথম কাজ। প্রথম প্রজেক্টেই এই জুটি দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
ভিডিওতে শাকিব খানের লুক, রঙের ব্যবহার এবং নাচ বিশেষভাবে আলোচিত হচ্ছে। ওয়ার্ম কালার গ্রেডিং ও সিনেম্যাটিক টেক্সচার ভিডিওটিকে আন্তর্জাতিক মানের রূপ দিয়েছে বলে মনে করছেন দর্শকরা। সাদা ও মেরুন রঙের পোশাক এবং রোদচশমায় শাকিব খানের উপস্থিতি ও নৃত্য ভঙ্গিমা নজর কেড়েছে সবার।
প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিস্ময় প্রকাশ করে বলেছেন, এটি বাংলাদেশের কাজ বলে বিশ্বাস করতে সময় লেগেছে। কেউ কেউ একে আন্তর্জাতিক মানের সঙ্গে তুলনা করেছেন। দুই বাংলার প্রেক্ষাপটে এত বড় আয়োজনের সেলিব্রেশনধর্মী গান আগে দেখা যায়নি বলেও মত দিয়েছেন অনেকে।
এই জুটিকে নিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের দাবিও তুলেছেন কিছু দর্শক। তাদের মতে, নির্মাতা আদনান আল রাজীব ও শাকিব খানের সমন্বয় ভবিষ্যতে আরও বড় কিছু উপহার দিতে পারে।
জানা গেছে, ভিডিওটি নির্মাণে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও তুরস্কের শিল্পী ও প্রযুক্তিবিদরা কাজ করেছেন। ৩ মিনিট ১৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই মিউজিক ভিডিওটি প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই এক কোটির বেশি ভিউ অর্জন করেছে। এটি প্রকাশ করা হয়েছে ‘এম-রাইজ’ নামের একটি ইউটিউব চ্যানেলে।