পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ সমাপ্তির পথে। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা ও টানাপোড়েনের গল্পে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
পাকিস্তানি সিরিজ ‘কাভি মে কাভি তুম’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নাটকটির এখন পর্যন্ত ৪৬টি পর্ব প্রচারিত হয়েছে। মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই ধারাবাহিকের শেষ পর্বটি বিশেষভাবে উপস্থাপন করা হবে।
নির্মাতা জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের চাহিদার কথা বিবেচনায় রেখে সমাপনী পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে। সাধারণত প্রতিটি পর্বের দৈর্ঘ্য যেখানে প্রায় ২৫ মিনিট ছিল, সেখানে শেষ পর্বটি হবে দেড় ঘণ্টারও বেশি।
নাটকটিতে ফাহাদ চরিত্রে ইরফান সাজ্জাদ, সামির চরিত্রে খায়রুল বাসার, মেহরী চরিত্রে কেয়া পায়েল এবং সায়রা চরিত্রে সুনেরাহ বিনতে কামাল অভিনয় করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার ও মনিরা আক্তার মিঠু।
গত বছরের ৫ নভেম্বর থেকে চ্যানেল আইতে প্রচার শুরু হওয়া এই ধারাবাহিকটি ‘সিনেমাওয়ালা’র ইউটিউব চ্যানেলেও জনপ্রিয়তা পেয়েছে। নির্মাতার প্রত্যাশা, দেড় ঘণ্টার এই বিশেষ সমাপনী পর্ব দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠবে।