ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনে তিনি এ প্রশ্ন তোলেন। একই সঙ্গে মামলাটির তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কেও ব্যাখ্যা চান তিনি।
সংসদে সাইফুল আলম খান মিলন বলেন, ওসমান হাদি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। এ পর্যন্ত ১১ দফা সময় বাড়ানো হয়েছে। তদন্তে এমন বিলম্বের কারণ কী এবং বর্তমান অবস্থা কী—সে বিষয়ে স্পষ্ট জবাব চান তিনি।
তিনি আরও বলেন, আলোচিত এই মামলার যথাযথ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিদেশে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় প্রচারণা চালানোর সময় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। পরে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় প্রথমে ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়।
চলতি বছরের ৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ প্রধান আসামি ফয়সাল করিমসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।