নির্বাচন উপলক্ষে টানা ৩ দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা তিন দিন লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বিশেষ ছুটি এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকায় এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান ও বাংলাদেশের সংশ্লিষ্ট কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ, আমদানি-রপ্তানিকারক, শ্রমিক সংগঠন, ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করা হয়েছে।

এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে জারি করা পৃথক নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ থাকবে।

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের উপপরিদর্শক সাইফুর রহমান এ নির্দেশনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *